দোয়ারাবাজারে বিদেশি ম দ সহ একজনকে পুলিশে দিলেন জনতা
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩০ বোতল বিদেশি মদসহ একজন আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় মাদক বহনকারী একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
আটক ব্যক্তি শুভ্রত তালুকদার (৩০)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুজিত তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) রাতে দোয়ারাবাজারের শ্রীপুর সীমান্ত এলাকায় একটি মালবোঝাই সিএনজি অটোরিকশার গতিবিধি লক্ষ্য করে স্থানীয়দের সন্দেহ হয়। তাৎক্ষণিক পিছু ধরে স্থানীয় নরসিংপুর এলাকায় গাড়ির গতিরোধ করে তল্লাশি চালিয়ে মদের চালানসহ শুভ্রতকে আটক করেন জনতা।
এ সময় ‘সিগ্রামস ব্লেন্ডার্স প্রাইড’ ও ‘মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইস্কি’ ব্রান্ডের ৩০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক মদ ও সিএনজিসহ চোরাকারবারিকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, মাদক ও সিএনজি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।