সারা দেশে দুর্গাপূজা উৎসবমুখর অনুষ্ঠিত হচ্ছে: মন্ত্রী আরিফুল হক
শ্রীমঙ্গল প্রতিনিধি
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এই সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশি হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলে এই সম্প্রীতিকে আরও সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করছেন। যার ফলে এবারের দুর্গাপূজা সারা দেশে উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নীসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন মণ্ডপের সার্বিক পূজা পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও স্থানীয় ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত ও ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম