পরিচ্ছন্ন জুড়ী গড়ার কাজ উদ্বোধন করলেন এমপি নাসির উদ্দিন
জুড়ী প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহর ময়লা-আবর্জনামুক্ত পরিচ্ছন্ন রাখা ও জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করার লক্ষ্যে ভবানীগঞ্জ বাজারের খাল পুন:খনন ও আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।
এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় ভবানীগঞ্জ বাজার বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন।
ভবানীগঞ্জ বাজার পরিচালনা কািমটির আহবায়ক রুসমত আলম এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা, সহ-সভাপতি ও গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশে নদী-খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় অকালে বন্যায় ফসলহানী ও বাড়িঘর নষ্ট হয়ে মানুষ ক্ষতিগ্রস্থ হয়। তাছাড়া জুড়ীতে ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত কোনো জায়গা না থাকায় যত্রতত্র ময়লা ফেলে রাখা হয়। বিশেষ করে নদী ও খালে ময়লা ফেলে রাখায় একদিকে তা ভরাট হয়ে জলাবদ্ধতা বাড়ছে অন্যদিকে পরিবেশ নষ্ট হয়ে ভাইরাস জনিত রোগ ছড়াচ্ছে। এ থেকে উত্তরণের জন্য জুড়ীবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে আমি এ উদ্যোগ নিয়েছি। উপজেলার বাছিরপুরস্থ চাক্কাটিলায় আমার মালিকানাধীন জায়গা ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্ধারণ করে দিয়েছি। প্রশাসনের সহযোগিতায় বাজার ও বাসাবাড়িতে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। ভরাট ও দখল হয়ে যাওয়া খাল উদ্ধার করে পুন:খনন এর মাধ্যমে জলাবদ্ধতা ও আগাম বন্যা এড়ানোর ব্যবস্থা করা হয়েছে। জনমুখী এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও অব্যাহত রাখতে উপজেলা শহরের ব্যবসায়ী, বাসিন্দা ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল এমপিকে নির্দেশ দিয়েছেন আগামবন্যা ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় কাজ করতে। বাজার এলাকা ও বাসাবাড়ির ড্রেন পরিস্কার রাখা সবার দায়িত্ব। প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলের দায়িত্ব যথাযথ ভাবে আদায় করলে আমরা সুন্দর পরিবেশে বসবাস করতে পারব। এজন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই।